পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে ইতোমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ইসি সচিব বলেন, মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এবার তিনি ‘পোস্টাল বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে ডাকযোগে ভোট দেবেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। তবে সেবার তিনি প্রথাগত বা অ্যানালগ পদ্ধতি ব্যবহার করেছিলেন। এবার নির্বাচন কমিশন ‘আইটি সাপোর্টেড’ বা প্রযুক্তিনির্ভর পোস্টাল ভোট পদ্ধতি চালু করেছে, যাতে ভোটারদের প্রথমে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রযুক্তিভিত্তিক এই নতুন পদ্ধতিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। দেশ-বিদেশে অবস্থানরত ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার ইতোমধ্যে পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন করেছেন।