ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহম্মেদ সাকী।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মুফতি মানসুর আহম্মেদ সাকী বলেন, দেশের রাজনীতিতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
মুফতি সাকী আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি মৌলিক রাজনৈতিক স্লোগান সামনে এনেছে। শরিয়াকে বাদ দিয়ে কোনো রাজনীতি আমরা বিশ্বাস করি না। রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে শরিয়ার অগ্রাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, জাতীয় নির্বাচন জনগণের মৌলিক অধিকার আদায়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের ভবিষ্যৎ ও জনগণের ভাগ্য নির্ধারণে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নির্বাচন প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে জবাবদিহিতামূলক ও পরিচ্ছন্ন নির্বাচন উপহার দিতে হবে।
তিনি অভিযোগ করেন, গত ৫৪ বছরে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় কোনো পরিকল্পিত উন্নয়ন হয়নি। স্বাধীনতার পর থেকে অবৈধ বালু উত্তোলন ও নদীভাঙন বন্ধ করা যায়নি। নির্বাচিত হলে মতলবের সীমানার নদীগুলোতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানান তিনি। নির্বাচিত না হলেও জনগণকে সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন।
এছাড়া তিনি বেড়িবাঁধ সুরক্ষা, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকরণ বন্ধ, কিশোর গ্যাং ও মাদকাসক্ত তরুণদের পুনর্বাসন এবং সুষ্ঠু বিনোদনের মাধ্যমে তরুণদের পড়াশোনা ও কর্মমুখী করে তোলার প্রতিশ্রুতি দেন।
মুফতি মানসুর আহম্মেদ সাকী বলেন, মতলবে কোনো মারামারি ও হানাহানি থাকবে না। একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতলব-গজারিয়া সেতু বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, সেতু বাস্তবায়নে নিরলসভাবে কাজ করা হবে এবং কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। বিজয়ী হলে প্রণীত বাজেট জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং বাজেট বাস্তবায়নে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ কায়েম রোধে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সদস্য রাসেল সাইদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব উত্তর উপজেলা সভাপতি মাওলানা শাহজাহান আল হাবিবী, সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলমগীর বেপারী, সহ-সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন ফরাজী, প্রচার সম্পাদক মাইনুদ্দীন সুজন, মুজাহিদ কমিটির সভাপতি আতাউল্লাহ মহসিন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন মতলব উত্তর উপজেলা সভাপতি মো. খোরশেদ আলম এবং ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি বি এম মাহফুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।