মা ইলিশ রক্ষায় মতলবে মেঘনা নদীতে অভিযান, গ্রেপ্তার ৩

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পিএম

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর তৃতীয় দিনে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না চাই জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এ অভিযান পরিচালনা করে। উপজেলার মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর সাকিনসংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলী আকবর (৪৫), মো. আজহারুল (৫৫) ও জয়নাল প্রধান (৫৪)। অভিযানে ২৪০ মিটার চায়না চাই জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে পৃথক তিনটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও কেনাবেচা নিষিদ্ধ। ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা ও ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত