বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন ভ-ুলের চেষ্টার অভিযোগ তুলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন চা শ্রমিকরা। একই সঙ্গে চা শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টারও প্রতিবাদ জানান তারা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কে অবস্থিত শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়।
পরে শ্রমিক নেতারা শ্রীমঙ্গল বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। একই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও পৃথক স্মারকলিপি জমা দেওয়া হয়।