শহীদ সাগরের বাবা ভোট চাইলেন ধানের শীষে

২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলনে পঞ্চগড়ের শহীদ সাগরের পিতা রবিউল ইসলাম ক্ষতি বলেছেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে হবে ধানের শীষ প্রতীকে। গত সোমবার সন্ধায় পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের রতিœবাড়ী বাজারে ধানের শীষের পক্ষে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পথসভায় বক্তব্যের শুরুতে তিনি জুলাই আন্দোলনের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, আমার ছেলে সাগর কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেয়নি, সে জীবন দিয়েছে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ সেই অধিকার আবার হুমকির মুখে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি রক্তের সঙ্গে বেইমানি না করতে চাই, তাহলে ধানের শীষেই ভোট দিতে হবে।

পথসভায় বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, জুলাই আন্দোলনের শহীদরা আমাদের কাছে একটি ঋণ রেখে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের ঋণ। এই ঋণ শোধ করতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে। পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ছাত্রসমাজ, সাধারণ মানুষ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।