ভোলার লালমোহন উপজেলায় বাসচাপায় শালা-দুলাভাইয়ের মৃত্যুর চার দিনের মাথায় একই স্থানে মা-ছেলেসহ তিনজনের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। এ ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে স্থানীয় ছাত্র-জনতা গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পরে বাস মালিক সমিতির প্রতিনিধিরা ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে আজ বুধবার সকাল ১০টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন ছাত্র-জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি সন্ধ্যায় লালমোহন উপজেলার গজারিয়া বাজার এলাকায় ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম ও মো. অলি উল্যাহ ডুবাই নামের দুজনের মৃত্যু হয়। তারা সম্পর্কে শালা-দুলাভাই। ঘটনার চার দিনের মাথায় গত ২৬ জানুয়ারি দুপুরে একই স্থানে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশায় থাকা মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়।