ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত: রাশেদ খাঁন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত। এই আমানত খেয়ানত করা যাবে না। তিনি ৫ আগষ্টের পর হাটবাজার দখলকারীদের হুশিয়ার করে বলেন, দলে চাঁদাবাজি আর চলবে না। কালীগঞ্জে জননেতা তারেক রহমানের নির্দেশিত পরিচ্ছন্ন বিএনপি গড়ে তোলা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ শহরের সরকারী ভূষণ হাইস্কুল মাঠে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশ বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, তিনি নির্বাচিত হলে কালীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও ভঙ্গুর যোগাযোগের উন্নয়ন করবেন। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠে লেখাপড়া করলেও তার মানসিকতার কোন উন্নয়ন হয়নি। তিনি মিথ্যার আশ্রয় নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। যারা এখন অভিনয় করে ভোট চাইতে যাবেন— আপনারা তাকে ঝেঁটিয়ে বিদায় করবেন।

বিএনপির এ সমাবেশকে কেন্দ্র করে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজকের সমাবেশ শুরু হওয়ার আগেই শহরের প্রতিটি এলাকা হাজার হাজার নেতাকর্মীর পদচারণায় কানায় কানায় ভরে ওঠে। লোকে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।