জামায়াত আমিরের বক্তব্যে হাসিনার ফেরার যোগসূত্র রয়েছে: রাশেদ খাঁন

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম

জামায়াত আমিরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

জামায়াত নেতাদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াতের আমির জাতীয় নির্বাচনের আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ জামায়াতের ইন্ধনে মিছিল করার সাহস পাচ্ছে। এই আওয়ামী লীগকে ফেরালে তারা আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে। কাজেই জামায়াত নেতাদের সতর্ক হতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান এসব কথা বলেন।

৭১'র ঘাতকরা ও ২৪-এর পরাজিত শক্তি সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জামায়াত কখনও সংসদে বিরোধী দল হতে পারেনি। এবার হয়েছে। তারা সংসদে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করবে, যৌক্তিক সমালোচনা করবে। কিন্তু জামায়াতের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে। তারা জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে লংমার্চ করে বেড়াচ্ছে।

রাশেদ খাঁন বলেন, এই সরকারের আমলে রাষ্ট্র পুনর্গঠন না হলে আর কখনোই রাষ্ট্র পুনর্গঠন হবে না। সরকার রাষ্ট্র পুনর্গঠনের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। সরকারের বিরুদ্ধে ৭১ এর ঘাতকরা ও ২৪ এর পরাজিত শক্তি এক হয়ে গেছে।

আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, তারা আওয়ামী লীগকে ইন্ধন দিচ্ছে। লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে জামায়াত। কিন্তু জামায়াতের ডাকে মানুষ এখন আর রাজপথে নামবে না।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত