খুঁড়ে ফেলা হলো কমলগঞ্জের নান্দনিক গলফ মাঠ!

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর গল্ফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগাচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। ফলে দৃষ্টিনন্দন একটি পর্যটনকেন্দ্র নষ্ট হচ্ছে এই জেলার। এতে করে পর্যটন জেলা মৌলভীবাজারে আগের তুলনায় পর্যটক কমারও সম্ভাবনা রয়েছে।

জানা যায়, শমশেরনগর চা বাগান কর্তৃপক্ষ গতকাল বুধবার থেকে কমলগঞ্জের অন্যতম পর্যটনকেন্দ্র শমশেরনগর গল্ফ মাঠ খুঁড়ে চা গাছ ও রাবার গাছ লাগানোর পরিকল্পনা করছে। ইতিমধ্যে মাঠের বড় একটা অংশ খুঁড়ে ফেলা হয়েছে। এতে করে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে অন্যদিকে পর্যটন খাত ব্যাপক ক্ষতির মুখে পড়বে।

স্থানীয়রা বলছেন, চা বাগান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত কোনোভাবেই কাম্য নয়। এখানে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে শত-শত পর্যটক আসেন। বাগান কর্তৃপক্ষ কোনো অবস্থায় একটি পর্যটনকেন্দ্র নষ্ট করতে পারে না। দ্রুত সময়ে মাঠ খোঁড়ার কাজ বন্ধ করতে হবে।

সুমন ইসলাম ও উজ্জ্বল মিয়া নামে দুই পর্যটক বলেন, বাগান কর্তপক্ষ যে কাজ করছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সুন্দর একটি পর্যটনকেন্দ্র এভাবে নষ্ট করার অধিকার তাদের কে দিয়েছে। এখানে প্রাকৃতিক পরিবেশে দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটকরা আসেন।

বিষয়টি জানার জন্য শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ‘বিষয়টি নিয়ে বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। এই জায়গাটা কার দখলে সেটা দেখতে হবে। প্রতিনিয়ত ঝামেলার কারণে হয়তো এই উদ্যোগ নিয়েছে বাগান। তাদের সঙ্গে আলোচনা করে দেখা যাক কি বলেন!