শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর ফলাফলে ঐতিহ্যবাহী কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ) এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। পাশাপাশি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (কলেজ) নির্বাচিত হয়েছেন।
এই প্রতিযোগিতায় ১৬টি নির্ধারিত ক্যাটাগরিতে মূল্যায়নের ভিত্তিতে ১০০ নম্বরের মধ্যে ৯৮ নম্বর অর্জন করেছে কেবি কলেজ। প্রতিযোগিতায় ৯৯ নম্বর পেয়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থানে রয়েছে রাজশাহী কলেজ।
কেবি কলেজের অধ্যক্ষ ড. মো. আতাউর রহমান বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি শুরু থেকেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৬ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক কর্মরত রয়েছেন। এইচএসসি ২০২৫-এর ফলাফলে কলেজটি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে শীর্ষ স্থান অর্জন করে। শুধু বোর্ড পরীক্ষায় নয়, উচ্চশিক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও শিক্ষার্থীরা প্রতি বছর মেধার স্বাক্ষর রাখছে। ইতিপূর্বে এক শিক্ষাবর্ষেই ৫২ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে এবং ৩৯ জন বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে অনন্য নজির স্থাপন করেছে। কলেজের শিক্ষার্থীরা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডেও সাফল্য অর্জন করেছে। এ ছাড়া কলেজটির প্রাক্তন শিক্ষার্থীরা দেশে ও বিদেশে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছেন।
কলেজে পড়ালেখার মান নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ‘কোয়ালিটি এডুকেশন’ নিশ্চিত করতে কলেজ কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করছে। ডিজিটাল হাজিরা পদ্ধতি, নিয়মিত কাউন্সেলিং এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য ‘ওয়ান শট’ রিভিশন ক্লাসের মতো কার্যকর পদক্ষেপ কলেজটিতে চালু রয়েছে। শিক্ষকদের পেশাগত মানোন্নয়নে নিয়মিত ‘ইন-হাউজ প্রশিক্ষণ’ বা মাইক্রোটিচিং কার্যক্রম পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, কলেজের লক্ষ্য কেবল ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের উন্নত চিন্তা ও নৈতিক চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তোলা। ‘আজকের অর্জন আমাদের প্রমাণ, ভবিষ্যৎ আমাদের প্রতিশ্রুতি’ এই মূলমন্ত্রকে সামনে রেখে কলেজটি তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, গভর্নিং বডির সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতাকে প্রধান নিয়ামক হিসেবে দেখছেন কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা এবং উন্নত অবকাঠামোর কারণে এই প্রতিষ্ঠানটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত হয়েছে।
লেখক : শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়