ভিসা ছাড়াই চীন যেতে পারবেন ব্রিটিশরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার চীন সফরের সময় বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি হয়েছে, যার মধ্যে অন্যতম ব্রিটিশ নাগরিকদের জন্য চীনে ৩০ দিন পর্যন্ত ভিসামুক্ত ভ্রমণের সুবিধা।

প্রধানমন্ত্রী স্টারমার বেইজিংয়ে এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যুক্তরাজ্যের নাগরিকরা ব্যবসা কিংবা পর্যটনের উদ্দেশ্যে ৩০ দিনের মধ্যে চীনে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। এর ফলে যুক্তরাজ্য ফ্রান্স, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া, জাপানসহ প্রায় ৫০টি দেশের তালিকায় যুক্ত হবে, যাদের নাগরিকরা চীনে এ সুবিধা ভোগ করেন। বর্তমানে ব্রিটিশ পাসপোর্টধারীদের চীনের মূল ভূখণ্ডে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন হয়।

গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার পর স্টারমার জানান, চীন এ ভিসামুক্ত নীতি বাস্তবায়ন করবে। চীন ২০২৩ সাল থেকে একতরফাভাবে বিভিন্ন দেশের নাগরিকদের জন্য এ সুবিধা চালু করেছে।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬ লাখ ২০ হাজার ব্রিটিশ নাগরিক চীন ভ্রমণ করেছেন। নতুন ব্যবস্থা চালু হলে এ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।

স্টারমার গত বুধবার তিন দিনের সফরে চীনে পৌঁছান। ২০১৮ সালের পর এটিই কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন প্রায় ৬০ জন প্রভাবশালী ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি।

যুক্তরাজ্য-চীন সম্পর্ককে নতুন করে চাঙ্গা করাই এ সফরের মূল লক্ষ্য। বৈঠক শেষে স্টারমার বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘ভালো ও শক্তিশালী অবস্থানে’ রয়েছে।

ভিসামুক্ত ভ্রমণ ছাড়াও বৈঠকে ব্রিটিশ সেবা খাতের প্রসার, হুইস্কি রপ্তানিতে শুল্ক হ্রাস, বিনিয়োগ ও অন্যান্য অর্থনৈতিক সহযোগিতা নিয়ে একাধিক চুক্তি হয়েছে।