মৌলভীবাজারে প্রেমিক-প্রেমিকার বিষপান, মারা গেলেন প্রেমিক

মৌলভীবাজারের জুড়ীতে প্রেমিকের বিয়ে ঠিক হওয়ার খবরে প্রেমিক-প্রেমিকার বিষপানের ঘটনা ঘটেছে। এতে প্রেমিক মংলা মোন্ডা (২৫) মারা গেছেন এবং গুরুতর অবস্থায় প্রেমিকা জুলেখা মোন্ডা (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) জুড়ী উপজেলার কোচাই জালাই এলাকায় দিনের কোনো এক সময় ঘটনাটি ঘটে ।

সেদিন রাতেই বিষয়টি জানাজানি হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, বিষপানে এক তরুণের মৃত্যু হয়েছে এবং এক তরুণী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জুলেখার বিয়ে হলেও তিনি স্বামীর সংসারে না গিয়ে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার মংলা মোন্ডার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার (৩০ জানুয়ারি) মংলা মোন্ডার অন্যত্র বিয়ে হওয়ার কথা ছিলো। এ খবর জানার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তারা উভয়ে বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।

বিষপানের পর ঘটনাস্থলেই মংলা মোন্ডার মৃত্যু হয়। অপরদিকে জুলেখা মোন্ডা বিষপান করে বাড়িতে গিয়ে বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি দিলীপ কান্ত নাথ আরও জানান, খবর পেয়ে রাতে নিহত মংলা মোন্ডার মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। শুক্রবার সকালে মরদেহটি মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।