ব্যক্তিগত জমিতে রাস্তা নির্মাণের অভিযোগ, আ. লীগ নেতা লাপাত্তা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামে নির্ধারিত জায়গা বাদ দিয়ে ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার দরবস্ত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জজ বিগত সরকারের শাসনামলে দলীয় প্রভাব খাটিয়ে ব্যক্তি মালিকানাধীন জমিতে এই সড়ক নির্মাণ করেন।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় সে সময় চেয়ারম্যান শরিফুল ইসলাম জজের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি।

স্থানীয় বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন মন্ডলের ছেলে সরওয়ার হোসেন মন্ডল জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এ ঘটনায় গত বছরের ৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জোড়াদীগি থেকে তালুককানুপুর ইউনিয়নের দেবপুর বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার একটি কাঁচা সড়ক রয়েছে।

সিএস ও বিআরএস ম্যাপ অনুযায়ি এই সড়কের দূর্গাপুর গ্রামের মোত্তালিবের বাড়ীর পূর্বপাশ থেকে সিদ্দিকুলের বাড়ির মোড় পর্যন্ত প্রায় ১২০ মিটার সড়ক রয়েছে।

কিন্তু ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জজ নির্ধারিত এ সড়কটি  মেরামত না করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ব্যক্তি মালিকানাধীন জমির মধ্যে দিয়ে সড়ক নির্মাণ করেন।

‎‎জমির মালিকরা জানান, জরিপ অনুযায়ী উক্ত স্থানে রাস্তার কোন অস্তিত্ব না থাকলেও দলীয় নেতাকর্মীদের সুবিধা দিতে তিনি কোন কিছুই তোয়াক্কা না করে ব্যক্তিগত জমিতে এই সড়ক নির্মাণ করেন।

এদিকে, নির্ধারিত সড়ক সংলগ্ন একটি পুকুর অপরিকল্পিতভাবে খনন করা হয়েছে। এতে করে ২০ থেকে ২৫ মিটার সড়ক ধ্বসে পুকুরে পরিণত হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এছাড়াও ওই পুকুরের ওপরে সড়কের মধ্যে বাঁশঝড় লাগানোর ফলে সড়কটি এখন নিশ্চিহ্ন হয়ে পড়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে চেয়ারম্যান শরিফুল ইসলাম জজের ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবে ওই ইউপির এক সদস্য জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে চেয়ারম্যান লাপাত্তা রয়েছেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।