নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। তবে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি থাকছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাদের একজন হলেন আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টে গ্রুপ পর্বে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন অন-ফিল্ড আম্পায়ার ও ৬ জন ম্যাচ রেফারি। পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েন নাইটস প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে মাঠে নামবেন।
১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদস্য অভিজ্ঞ আম্পায়ার ধর্মসেনা ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে ২০১৬ ও ২০২২ সালের ফাইনালও রয়েছে। গ্রপপর্বের ম্যাচগুলো পরিচালনায় থাকবেন পল রেইফেল, রড টাকার, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওর্থের মতো খ্যাতিমান আম্পায়াররা। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন কুমার ধর্মসেনা ও রিচার্ড ইলিংওর্থ। আইসিসি জানিয়েছে, সুপার এইট ও নকআউট পর্বের অফিসিয়ালদের নাম পরে ঘোষণা করা হবে।
ম্যাচ রেফারির তালিকা: ডিন কস্কার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ারদের তালিকা: রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কোচ, জয়রামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন এ পদ্মনাভান, আল্লাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ, গাজী সোহেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভেন্দ্র উইমালাসিরি, আসিফ ইয়াকুব।