নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি আমি।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তথা শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে বিগত তিনবারের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে অভিজ্ঞতার আলোকে কাজ করতে চাই।
শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে বিএনপির কেন্দ্রীয় নেতা এসব কথা বলেন।
এ সময় তিনি ইশতেহার বাস্তবায়নে স্থানীয়দের মতামত এবং অগ্রগতি তুলে ধরে জনগণের জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন। ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা কথা উল্লেখ করা হয়।
এছাড়া নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ণ ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করার কথা বলেছেন।
দুলু বলেন, কৃষি ক্ষেত্রে আধুনিক হিমাগার নির্মাণ ও জেলার অন্যতম অর্থকরী ফসল পানের নিরাপদ উৎপাদন ও রপ্তানি এবং অ্যাগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠা, নাটোর-নলডাঙ্গা সড়ক চারলেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
রাণীভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রীণ ও ক্লিন সিটিতে রুপান্তর করবেন বলেও দুলু প্রতিশ্রুতি দেন নাটোর-২ আসনের বিএনপির এই প্রার্থী।