দীর্ঘ ২১ বছর পর আজ শনিবার টাঙ্গাইল সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, বগুড়াসহ কয়েকটি জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষে সড়কপথে ঢাকায় ফেরার পথে তিনি টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন। এদিন বিকাল ৪টায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের দরুন-চরজানা বাইপাস এলাকার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের আগমন উপলক্ষে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে পুরো জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, এই নির্বাচনী জনসভার মঞ্চ থেকে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন দলের প্রধান।
বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু জানান, টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটানোর লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আগমন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ রয়েছে। তিনি জানান, এই জনসভা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিএনপি চেয়ারম্যান দলের নির্বাচনী অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। তার এই সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।