গাজীপুরে মতবিনিময়

দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার

গাজীপুর মহানগরীর জয়দেবপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে। সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। গতকাল শুক্রবার বিকেলে মন্দির প্রাঙ্গণে রনি পৌঁছালে সনাতন ধর্মাবলম্বীরা প্রথা অনুযায়ী ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডা. গোপাল দাস, কৃপাময়ী মন্দিরের সহসভাপতি অখিল চন্দ্র পাল, যুগ্ম সম্পাদক রাজমনি শাহ রাজু, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব দেবব্রত সরকার রিপনসহ অন্যরা।  এ সময় নেতারা বলেন, অধ্যাপক এমএ মান্নান গাজীপুরের মেয়র এবং প্রতিমন্ত্রী থাকাকালে মসজিদ-মাদ্রাসার পাশাপাশি অনেক মন্দিরের ব্যাপক উন্নয়ন ও সংস্কার করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে এবং তাদের নিরাপত্তায় সবসময় সজাগ থেকেছেন এবং তাদের উন্নয়নের জন্য কাজ করেছেন। সবার প্রিয় ও শ্রদ্ধেয় সেই অধ্যাপক মান্নান স্যারের সুযোগ্য সন্তান রনিকে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব।

প্রধান অতিথির বক্তব্যে এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘আমার পিতাকে আপনারা ভোটে এমপি ও মেয়র বানিয়েছেন। আমি আমার পিতার স্বপ্ন এবং অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হয়ে আপনাদের কাছে এসেছি।’