পুলিশের দাবি

উচ্চশব্দে ভিডিও দেখায় মা-মেয়েকে হত্যা করে প্রতিবেশী

মুন্সীগঞ্জের সিরাজদীখানে মা আমেনা বেগম (৩২) ও মেয়ে মরিয়ম বেগমের (৮) রক্তাক্ত লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী যুবক মোহাম্মদ আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সময় উচ্চশব্দে মোবাইল ফোনে ভিডিও দেখায় বিরক্ত হয়ে প্রতিবেশী যুবক কাঠের ডাসা দিয়ে পিটিয়ে মা-মেয়েকে হত্যা করেছে।

গতকাল শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি জানান, মা-মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে পলাতক প্রতিবেশী যুবক মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পাখির মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলী সিরাজদীখান উপজেলার সৈয়দপুর গ্রামের প্রয়াত আবদুল কাশেমের ছেলে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারের পর ওই যুবকের স্বীকারোক্তিতে উঠে আসে মা-মেয়ে হত্যার রহস্য। সিরাজদীখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির টিনের ঘরের একটি কক্ষে ভাড়া থাকতেন মা-মেয়ে। পাশের কক্ষেই ভাড়া থাকতেন ওই যুবক।  ঘটনার রাতে আমেনা তার ফোনে উচ্চশব্দে ভিডিও দেখছিলেন। এতে মোহাম্মদ আলী ঘুম থেকে উঠে ক্ষিপ্ত হয়ে আমেনার ঘরে ঢুকে তাকে মোবাইল ফোনের শব্দ কমাতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে ওই যুবক ডাসা দিয়ে আমেনার মাথায় আঘাত করেন। এতে মেয়ে মরিয়ম আতঙ্কিত হয়ে যুবকের পা জড়িয়ে ধরে তার মাকে বাঁচাতে আকুতি করে। ওই যুবক মরিয়মের মাথায় ডাসা দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মা-মেয়ে।

গত ১৯ জানুয়ারি সিরাজদীখান উপজেলার দক্ষিণ রাজানগর গ্রামের নুরুজ্জামানের বাড়ির ঘরের একটি কক্ষ থেকে মা-মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।