যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস দেশটির নাগরিকদের জন্য এক সতর্কবার্তা জারি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে।

দূতাবাস গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থি হামলার ঘটনা ঘটতে পারে। সমাবেশ, ভোটকেন্দ্র, ধর্মীয় স্থান যেমন গির্জা, মন্দির, মসজিদ এবং অন্য ধর্মীয় তাৎপর্যপূর্ণ স্থানকে লক্ষ্য করে এমন হামলা হতে পারে।

মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বনের তাগিদ দিয়ে দূতাবাস বলছে, মনে রাখা উচিত যে শান্তিপূর্ণভাবে পরিচালিত বিক্ষোভ বা সমাবেশ সংঘর্ষ ও সহিংসতায় পরিণত হতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও জনসমাগম এড়িয়ে চলা এবং যেকোনো বৃহৎ সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সর্বদা নিজের আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকতে বলেছে। নিজেকে কম প্রকাশ করতে বলেছে। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনার পাশাপাশি বিকল্প ভ্রমণ রুট বিবেচনায় রাখতে বলেছে। আর জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল ফোন সঙ্গে রাখতে বলেছে।

নির্বাচনের জন্য গৃহীত ব্যাপক নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব পরিবহনের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সীমিত পরিমাণে অনসাইট পরিষেবা প্রদান করবে।