দিনাজপুরের হাকিমপুরের হিলিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বগি থেকে বিচ্ছিন্ন হয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর চিলাহাটি-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৮টায় হিলির স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হিলি রেলওয়ে স্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন থেকে হিলির উদ্দেশ্যে ছেড়ে গেলে ট্রেনটি ডাঙ্গাপাড়া এলাকায় গিয়ে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইঞ্জিনটি পুনরায় বগির সঙ্গে সংযুক্ত করতে গেলে জোরে ধাক্কা লাগে। এতে বগির নিচের স্প্রিং ভেঙে চাকা জ্যাম হয়ে যায়। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা সেখানে বগিটি কিছুটা মেরামত করে চলাচলের উপযোগী করে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে উদ্ধার করে হিলি রেলস্টেশনে নিয়ে এসে রাখা হয়। পরে লাইন ক্লিয়ার করা হলে সাড়ে ১০টায় তিতুমির এক্সপ্রেস ট্রেন যাওয়ার মধ্য দিয়ে এই পথ দিয়ে ট্রেন চলাচল আবারও শুরু হয়। এক পর্যায়ে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় রাজশাহীর উদ্দেশ্যে হিলি রেলস্টেশন থেকে ছেড়ে যায়।
এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।