জয়পুরহাট

সরিষার ক্ষেত পড়ে ছিল স্কুলছাত্রের নিথর দেহ

জয়পুরহাটে সরিষার ক্ষেত থেকে তাইফ হাসান নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট পৌর শহরের পূর্ব দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাইফ হাসান (১৬) জেলার খনজনপুর এলাকার মৃত তুহিন হোসেনের ছেলে ও জগদুল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। সে নওগাঁর ধামইরহাটের কালুপাড়া গ্রামে নানার বাড়িতে থাকতো।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শনিবার তাইফ হাসান তার মায়ের সঙ্গে ঢাকা থেকে বাস জয়পুরহাটে যায়। সেখানে গিয়ে শহরের মাছুয়া বাজার মোড় এলাকায় প্রসাব করার কথা বলে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। আজ রবিবার বিকেলে শহরের পূর্ব দেবীপুর এলাকার একটি সরিষার ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী আলম জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।  ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।