বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ 

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ এএম

গাজীপুরে টঙ্গীর গোপালপুর এলাকায় মাদকের কারবার নিয়ে শত্রুতার জেরে নুরুল ইসলাম (৪০) নামের একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে টঙ্গীর গোপালপুর সোসাইটি মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর থানার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি  টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে এলাকায় মাদক কারবার ও এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে পার্শ্ববর্তী মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক কারবারি ও অজ্ঞাতপরিচয় ১০-১২ জন দুষ্কৃতকারী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নুরুল ইসলামকে পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়।

পরে সেখানে অস্ত্র দিয়ে হাঁটুর নিচে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বুঝতে পেরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে খবর দেয়।

​খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য সিএনজি চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত