নওগাঁর আত্রাইয়ে মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক মামলা করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার সময় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের উত্তরবিল (দরগাপাড়া) এলাকায় গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২৩ জানুয়ারি দরগাপাড়া গ্রামে দুলালীর সঙ্গে একই গ্রামের মিঠুর সীমানাপ্রাচীর নিয়ে কথাকাটাকাটি হয়। ঘটনার পর দুলালী থানায় গিয়ে মিঠুসহ তিনজনের নামে মিথ্যা মামলা করেন। মামলার পর পুলিশ কোনো তদন্ত ছাড়াই মিঠুকে গ্রেপ্তার করে।
মানববন্ধনে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি বুলু বলেন, মিঠুকে ক্ষমতার অপব্যবহার করে ফাঁসানো হয়েছে।
আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম ঘটনার বিষয়ে কিছু বলতে রাজি হননি।