‘সুরক্ষা করি জলাভূমি বাঁচাই সংস্কৃতি’ এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব জলাভূমি দিবস। এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খালের পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিবসটিতে একটি শোভাযাত্রা বের হয় এরপর আলোচনা ও মতবিনিময় সভা শেষে স্মারকলিপি প্রদানের করেন পরিবেশকর্মী, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এতে আরও অংশ নেয় এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশে বিশিষ্ট পরিবেশ কর্মী অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, জলাভূমি শুধু পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। জলাভূমি ধ্বংস হলে প্রকৃতি যেমন ক্ষতিগ্রস্থ হবে, তেমনি মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অস্তিত্বও হুমকির মুখে পড়বে।
প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য সচিব ও মুখপাত্র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, অপরিকল্পিত দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে সাতক্ষীরার বহু জলাভূমি আজ বিলুপ্তির পথে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বাসযোগ্য পরিবেশ থেকে বঞ্চিত হবে।
সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, হেড সংস্থার নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল উন্নয়ন কর্মী রেহেনা পারভীন তরিকুল ইসলাম অন্তর, বায়েজিদ হোসেনসহ সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, পরিবেশকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা।