বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়মের অভিযোগে সাতক্ষীরার উপজেলা কৃষি কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ এএম

গাছের চারা বিতরণে অনিয়ম দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে দ্রুত বদলি করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত ১৬ জুলাইয়ের একপত্রে এ আদেশ জারি করা হয়। আদেশে আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে বলা হয়েছে।

১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন আবু সাঈদ শুভ্র। ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় বাঁশ ও গোবর সার বিতরণে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুটি বিতরণের কথা থাকলেও কৃষকদের অভিযোগ, ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানির সার বিতরণ করেন এই কর্মকর্তা। ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ প্রকল্পে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন তিনি।

এ নিয়ে গত ৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনার তদন্ত শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অবশেষে বাঁশ কান্ডে এই কর্মকর্তাকে দ্রুত বদলি করেছে দপ্তরটি।

অভিযোগের বিষয়ে আবু সাঈদ শুভ্র বলেন, ‘আমি মাত্র এক মাস আগে এই কার্যালয়ে যোগদান করেছি। আমার আগে যিনি এখানে দায়িত্বে ছিলেন, তিনি যোগদানের সময় থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করেছেন। তিনি বদলির পরও অনেক দেরীতে আমাকে দায়িত্ব হস্তান্তর করেন।  তাকে এই কার্যালয় থেকে বদলি করায় তিনি ক্ষুব্ধ ছিলেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেই ষড়যন্ত্রেরই অংশ। আমি একটি পরিকল্পিত ও স্পষ্ট ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত