মানিকগঞ্জ-১ আসনে বিএনপির বহিষ্কৃত ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে যুবদলের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ছাত্রদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল সোমবার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিন আহম্মেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুবদলের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বহিষ্কৃতরা হলেন চরকাটারি ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবুল বাসার, কলিয়া ইউনিয়ন যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. জসিম, জিয়নপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আতোয়ার হোসেন ও আবদুর রহিম এবং বাঘুটিয়া ইউনিয়ন যুবদলের সদস্য হাতেম আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে প্রচারণায় অংশ না নিয়ে তারা নিয়মিতভাবে দল থেকে বহিষ্কৃত এক বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে আসছিলেন। এ কারণে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।