পটুয়াখালী-৩

ভিপি নুরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটি। গতকাল সোমবার দুপুরে দশমিনা উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবদুল আলীম তালুকদার। তিনি বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির মুখে তিনি নির্বাচনে অংশ নেন। বিএনপির জোটের প্রার্থী হওয়ার পর থেকেই নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং অসংলগ্ন বক্তব্য দিয়ে নির্বাচনের পরিবেশ উত্তপ্ত করছেন। নুরের পক্ষ থেকে সাধারণ ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে।’ এ চেষ্টা ব্যর্থ হওয়ায় বিভিন্ন এলাকায় ভোটকেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নুরুল হক নুরের স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ট্রাক প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রশাসনের সামনে এসব ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়। অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নুরুল হক নুর বলেন, হাসান মামুন বিপুল অর্থের বিনিময়ে একটি মহলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।