রোমাঞ্চকর লড়াই শেষে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

ছোট্ট পুঁজি নিয়েও দারুণ লড়াইয়ে বিশ্বকাপের আগমুহূর্তে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। পাল্লেকেলেতে তৃতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে জয় তুলে নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় সফরকারীরা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেটে তোলে মাত্র ১২৮ রান। শুরুর ধসের পর দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন স্যাম কারান, যিনি ৪৮ বলে ৫৮ রান করেন। এটা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস। শ্রীলঙ্কার হয়ে দুশমান্থ চামিরা ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় বিপদে ফেলেন।

জবাবে শ্রীলঙ্কা ১৯.৩ ওভারে অলআউট হয়ে যায় ১১৬ রানে। ইংল্যান্ডের স্পিন আক্রমণই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। জ্যাকব বেথেল ৪ উইকেট শিকার করেন, আর উইল জ্যাকস নেন ৩ উইকেট। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে স্বল্প পূঁজি নিয়েও জয়ের দেখা পায় ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সবচেয়ে কম রান করেও জয়ের রেকর্ড গড়ল।

ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, 'এটি আমার খেলা সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি। কঠিন উইকেটে স্যাম কারানের ব্যাটিং ছিল অসাধারণ।' অন্যদিকে শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা হতাশা প্রকাশ করে বলেন, 'আমাদের অনেক জায়গায় উন্নতি করতে হবে। বিশ্বকাপে ভালো করতে হলে ভুলগুলো দ্রুত ঠিক করতে হবে।'

আগামী ৮ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড।