নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার ভোরে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার লাশ ফেলে রেখে যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। ওই রাজস্ব কর্মকর্তার নাম জোনায়েদ হোসেন (৩৮)। তিনি সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে ঢাকার এয়ারপোর্ট কাস্টম হাউজে কর্মরত ছিলেন।
জোনায়েদ হোসেনের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে। তার স্ত্রী নাঈমা নার্গিস নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোরে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি পিকআপে করে জরুরি বিভাগের সামনে এসে জোনায়েদ হোসেনকে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। প্র্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওগাঁ জেনারেল হাসপাতালের আরএমও আবু জার গাফফার জানান, মরদেহের বুক ও দুই পায়ের হাড়ের বিভিন্ন স্থান ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনার মারা গেছেন তিনি।
নওগাঁ সদর থানার ওসি নিয়ামুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।