২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে নিখোঁজ হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী মো. ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাস। এ ঘটনার দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। তাদের সন্ধানের দাবিতে গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
জানা যায়, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি ঢাকায় যান আল ফিকহ অ্যান্ড ল’ বিভাগের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাস। ৪ ফেব্রুয়ারি রাতে তিনি ও তার বন্ধু দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মো. ওয়ালিউল্লাহ রাজধানীর কল্যাণপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি রাত ১২টার দিকে সাভারের নবীনগর এলাকায় পৌঁছলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আট থেকে ১০ জন লোক বাস থেকে মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০১২ সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে তুলে নেওয়ার পর আজও ফিরে আসেনি। ৫ আগস্টের পরে ভেবেছিলাম তারা ফিরে আসবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। তারা জীবিত আছেন নাকি মেরে ফেলা হয়েছে তা এখনো জানা যায়নি। তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও পদক্ষেপ নেয়নি। যারা এই গুমের সঙ্গে জড়িত তাদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।