পেটের ভেতরে হাত দিয়ে লুণ্ঠনের টাকা বের করে আনব: জামায়াত আমির

লুটেরাদের পেটের ভেতরে হাত দিয়ে লুণ্ঠনের টাকা বের করে রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হবে। লাল, কালো, সাদা টেলিফোন বুঝি না। কোনো তদবির চলবে না। আইন সবার জন্য সমান। ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজনীতি করে। শোষণমুক্ত সমাজ গড়তে হলে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। আগামী ১২ তারিখে সাড়ে ১২ লাখ জনগণ তাদের লালকার্ড দেখাবে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যে দেশে আমাদের মা-বোনেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, পেশাগত দায়িত্ব পালন করতে পারে আমরা সে বাংলাদেশ গড়তে চাই। আমরা বেকার ভাতা দিয়ে যুবসমাজকে ধ্বংস করতে চাই না। 

আমরা কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করতে চাই। দেশ গড়তে হলে ‘হ্যা’ ভোট দিতে হবে। আমরা জামায়াতের বিজয় চাই না, চাই ১৮ কোটি মানুষের বিজয়। যুবকদের হাতেই বাংলাদেশ তুলে দেব। তারা ড্রাইভ করবে, আমরা যাত্রী হয়ে বসে থাকব।

এ জনসভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বক্তব্য দেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ইউনুস আলী, আবুল কালাম আজাদ ও আব্দুল হাকিম, এনসিপি প্রার্থী জার্জিস কাদির, জাগপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি রাশেদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

জনসভায় ১১ দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।