দোনেৎস্ক প্রশ্নে অনড় মস্কো

ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে শুরু হয়েছে দুদিনব্যাপী ত্রিপক্ষীয় বৈঠক। গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় নিয়ে আলোচনা করেছেন।

এ আলোচনার প্রথম দিন ‘ফলপ্রসূ’ ছিল বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তারা। বৈঠকে কিয়েভের পক্ষে প্রধান আলোচক রুস্তেম উমেরভ দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ কথা জানান। তবে দোনেৎস্ক থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের প্রশ্নে এখনো অনড় মস্কো। এ আলোচনার মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও কলে তাদের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার ঘোষণা দিয়েছেন।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সকালে স্থানীয় একটি বাজারে রাশিয়ার ছোড়া শক্তিশালী বোমার আঘাতে ঘটনাস্থলেই হতাহত হন কয়েকজন বেসামরিক নাগরিক। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর এ হামলাকে পরিকল্পিত ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দনবাস অঞ্চলে অভিযান চালিয়ে দুটি বসতি দখলে নেওয়ার দাবি করেছে মস্কো।

যুদ্ধ বন্ধে এদিন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শুরু হয় দুদিনব্যাপী ইউক্রেন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনা হয় সামরিক বন্দিবিনিময়, জ্বালানি অবকাঠামো রক্ষা এবং স্থায়ী যুদ্ধবিরতির খসড়া নিয়ে। প্রথম দিনের আলোচনাকে ইউক্রেন ‘ফলপ্রসূ’ বললেও ক্রেমলিন সাফ জানিয়েছে, দোনেৎস্ক থেকে সেনা না সরালে যুদ্ধ থামবে না। বুধবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানান, শান্তি আলোচনার মধ্য দিয়ে যেন রাশিয়াকে চুক্তি ভাঙার সুযোগ না দেওয়া হয়। জেলেনস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ ও সুনির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি প্রয়োজন।

এদিকে দ্বিপক্ষীয় ইস্যুতে বুধবার ভিডিও কলে কথা বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুই দেশের মধ্যে ‘সীমাহীন’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন তারা। পুতিন মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্ব স্থিতিশীলতার অন্যতম ‘স্তম্ভ’ হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে, শি জিনপিং দুই দেশের মধ্যকার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।