লতা মঙ্গেশকরহীন ৪ বছর
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি সকালে মধ্য মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন লতা। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে মারাঠি সিনেমায় গান গেয়ে সংগীতজীবন শুরু লতার। পরের বছর কণ্ঠে তোলেন হিন্দি সিনেমার গান। ১৯৪৯ সালে হিন্দি সিনেমা ‘মহলের’ ‘আয়েগা আনেওয়ালা’ গানটি দিয়ে পেয়ে যান ব্যাপক পরিচিতি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লতার সুরেলা কণ্ঠের জাদুতে বুঁদ থেকেছে প্রজন্মের পর প্রজন্ম। সত্তর দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গান রেকর্ড করেছেন তিনি। শুধু যে গুণী ব্যক্তিদের প্রশংসা কুড়িয়েছেন তা নয়, ছোটখাটো থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার সবই পেয়েছেন একাধিকবার। তিনবার জাতীয় পুরস্কার ছাড়াও ‘পদ্মভূষণ’ ‘পদ্মবিভূষণ’-এর মতো নাগরিক সম্মানও দেওয়া হয়েছে লতা মঙ্গেশকরকে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ পুরস্কার দাদা সাহেব ফালকে দ্বারাও সম্মানিত হয়েছেন তিনি। যুগ যুগ ধরে তার কণ্ঠ বেঁচে থাকবে শ্রোতার মন-মননে।
মামুনুর রশীদের প্রত্যাবর্তন
লম্বা সময় অসুস্থতা ও বিদেশে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন প্রথিতযশা নাট্যজন মামুনুর রশীদ। দেশে ফিরেই আবার লাইট-ক্যামেরার জগতে প্রবেশ বরেণ্য এই অভিনেতা, নাট্যকার ও নির্দেশকের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘চিঠিওয়ালা’। আগামী ২১ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে নাটকটি। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন রশীদ হারুন। নাটকে হাশেম চাচার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তার সঙ্গে অনিক চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে এবং শৈলীর ভূমিকায় অভিনয় করেছেন সুষমা সরকার। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। গত শনিবার রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির শুটিংয়ে অংশ নেন মামুনুর রশীদ। তিনি বলেন, ‘অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। মাঝে দীর্ঘ সময় বিদেশে ছিলাম। সেখানে মঞ্চনাটকে কাজ করলেও টিভি নাটকে অভিনয় করা হয়নি। ভাষা দিবসের এই নাটকের গল্প অত্যন্ত শক্তিশালী, আর নির্মাণেও যতেœর ছাপ রয়েছে। প্রথম দিনের কাজের অভিজ্ঞতা বেশ ইতিবাচক।’
ফিরতে চান রোজিনা
দেশীয় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী রোজিনা দুই শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে জয় করেছেন কোটি মানুষের ভালোবাসা। এখন সিনেমায় তেমন দেখা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখা যায় তাকে। সিনেমায় আবার নিয়মিত কাজ করতে চান উল্লেখ করে রোজিনা বলেন, ‘আমরা শিল্পী। শিল্পীরা কখনো ঘরে বসে থাকতে পারে না। আমিও তাই। নিয়মিত কাজ করতে চাই। বছরে ১২টি সিনেমা করতে চাই না, বরং বছরে দুটি সিনেমার করতে চাই। আমাদের মতো সিনিয়র শিল্পীদের জন্য উদ্যোগ নিতে হবে আমাদের নির্মাতা-প্রযোজকদের।’ অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন এই তারকা। রোজিনা ফিল্মস থেকে প্রথমে প্রযোজনা করেছেন ‘জীবন ধারা’, ‘দোলনা’, ‘রাধাকৃষ্ণ’। সর্বশেষ দুই বছর আগে তার পরিচালনা ও প্রযোজনায় এসেছে ‘ফিরে দেখা’ সিনেমা। রোজিনা বলেন, ‘আমি অভিনেত্রী, এটাই আমার প্রথম পরিচয়। এরপর আমি সিনেমায় পরিচালনা ও প্রযোজনাও করেছি। অনেক দিন অভিনয়ের অভিজ্ঞতা ছিল বলেই এই কাজটা আমার কাছে কিছুটা সহজ হয়েছে।’
এপ্রিলেই ‘মাইকেল’র বায়োপিক
এপ্রিল মাসেই আসছে পপ কিং মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’। এরই মধ্যে লায়নসগেট মুভিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় সিনেমাটির ট্রেলার। মাত্র ২ মিনিট ১৭ সেকেন্ডের সেই ঝলকেই যেন চমকে উঠেছেন ভক্তরা। প্রকাশের এক দিনের মধ্যেই ট্রেলারটি পাঁচ মিলিয়নের বেশি ভিউ ছাড়িয়ে গেছে। বড় বাজেটের এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তারই ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক, নাচের ভঙ্গি সবকিছুতেই জীবন্ত হয়ে উঠেছে ‘কিং অব পপ’-এর উপস্থিতি। অনেকেই বলছেন, যেন পর্দায় আবার ফিরে এসেছেন মাইকেল নিজেই। স্বল্প সময়ের ট্রেলারেই উঠে এসেছে মাইকেলের শৈশব, বেড়ে ওঠা, সংগীত জগতে পা রাখা এবং কোটি ভক্তের হৃদয় জয় করার গল্পের ঝলক। গায়ক, নৃত্যশিল্পী, গীতিকার, অভিনেতা ও সমাজসেবক বহুমাত্রিক এই তারকার জীবনের উত্থান-পতনের বিভিন্ন অধ্যায়কে নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। বায়োপিকটি নির্মাণ করেছেন হলিউড নির্মাতা অ্যান্টোইন ফুকুয়া। চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত চিত্রনাট্যকার জন লোগান।