সিইসির সঙ্গে বৈঠক

অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা ইইউর

বাংলাদেশে একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে প্রত্যাশা করছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেছেন, আমাদের কাজ হলো পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরা। গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইভার্স ইজাবস এ কথা বলেন।

তিনি বলেন, এ বছর বাংলাদেশে থাকতে পেরে আমরা সবাই সত্যিই খুব আনন্দিত। অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে আমাদের আমন্ত্রণ জানিয়েছে, এ জন্য কৃতজ্ঞ। গণতান্ত্রিকভাবে উন্নত ও সুন্দর বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার রয়েছে।

ইভার্স ইজাবস বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনে সব ধরনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।

মিশনের ভূমিকা কোনো ধরনের পরামর্শ দেওয়া বা সংশোধনে জড়িত হওয়া নয়। আমাদের কাজ হলো পর্যবেক্ষণ করা এবং মিশন শেষে আমাদের পর্যবেক্ষণগুলো তুলে ধরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চাই অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। যেখানে আইনশৃঙ্খলা বজায় থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুসহ সব নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা পাশাপাশি সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাও তাদের পর্যবেক্ষণের একটি গুরুত্বপূর্ণ দিক।

নির্বাচন পর্যবেক্ষণের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, ইতিমধ্যেই আমাদের ৬০ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন। আর শনিবার থেকে আমরা স্বল্পমেয়াদি পর্যবেক্ষকদেরও বিভিন্ন জেলায় পাঠাব, যারা সরাসরি ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।