মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে ৩ বন্ধুর। এরা হচ্ছেন তুর্জয় মাঝি (২৮), হোসাইন মোহাম্মদ সাকিব (২৭) ও মো. সানিয়াত (২৯)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিপাহীপাড়া-দীঘিরপাড় সড়কে জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, একই মোটরসাইকেলে একসাথে ওঠেন ৩ বন্ধু। পথে গতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়লে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তুর্জয় মাঝিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।