পিরোজপুরের নাজিরপুরএর সেখমাটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বলেস্বর নদীর তীরে স্থানীয় ভূমিহীন ও অসচ্ছল মানুষের জন্য কবরস্থান নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। কবরস্থানের জন্য প্রয়োজনীয় জমি স্থানীয়দের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা যায়, কবরস্থান নির্মাণের জন্য বরাদ্দকৃত জমিতে মাটিকাটার কাজ সম্পন্ন করা হয়েছে। পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসম্যের জন্য সেখানে একটি পুকুর খননের কাজও সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা মনজু জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় ভূমিহীন ও অসহায়দের জন্য কোনও কবরস্থান ছিল না। তাই এলাকাবাসী পিরোজপুর জেলা প্রশাসকের নিকট মানবিক আবেদন করলে প্রশাসনের পক্ষ থেকে সাড়া দিয়ে এই মহৎ কাজটি করার উদ্যোগ নেওয়া হয়। এতেকরে বলতি চর সংলগ্ন দুটি আশ্রায়ণ প্রকল্প ও এই এলকায় প্রায় তিন শতাধিক ভূমিহীন এবং নিম্নআয়ের মানুষের পরিবারের দীর্ঘদিনের দাফন নিয়ে ভোগান্তি দূর হলো।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা জানান, ভূমিহীন ও অসহায় মানুষের মৌলিক চাহিদা পূরণ উপজেলা প্রশাসনের মানবিক দায়িত্ব। কবরস্থানের জন্য জমি নির্ধারণ ও প্রাথমিক উন্নয়ন কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভবিষ্যতে এলাকাবাসীর চাহিদা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অন্যান্য মানবিক উন্নয়ন কার্যক্রম গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা জেলা ও উপজেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ এলাকায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।