পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কবিরাজবাড়ী বাজারে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা নাশকতার মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ বিষয়ে নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভুক্তভোগী নাজিরপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মুরাদ মাঝী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৬,৭,৮ ও ৯ নং ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, এজাহারে উল্লেখিত আসামীগন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দুষ্কৃতিকারী। ঘটনার দিন রাত আনুমানিক ২ টা ১০ মিনিটের সময় আসামীরা তাদের হাতে থাকা কাঁচের বিস্ফোরক, দাহ্য পদার্থ, দেশীয় অস্ত্র নিয়া বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে অপপ্রচার, সরকারি কাজে বাধা,সরকার পতন, বাংলাদেশের অখন্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম করতে থাকে এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এরপর আসামিরা বাদীর দোকানসহ ৩টি দোকানে অগ্নি সংযোগ করে। এতে বাদীর প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মামলার বাদী মো. মুরাদ মাঝী জানান, ১৯ নভেম্বর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে (২০তারিখ) তিনি স্বশরীরে থানায় উপস্থিত হয়ে ১৩জন এজাহার নামীয় ও ৩৫ /৪০ জন অজ্ঞাত আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে যার মামলা নং ২৪। তিনি আরও জানান অগ্নিকাণ্ডের ঘটনায় তার একটি দোকানসহ পার্শ্ববর্তী আরও ২ টি পুড়ে ছাই হয়ে যায় এতে তার প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, মামলা রুজু হওয়ার পরপরই মামলার নথি আসামিসহ অন্যদের হাতে চলে যায়। এতে মামলার অগ্রগতি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরও জানান, অতীতে আওয়ামী আমলে আমরা যখন মামলায় আসামি হয়েছি তখন আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কোন নথি পাইনি আর এখন মামলা দায়ের করার পরপরই নথি বাইরে চলে যায় বিষয়টি খুবই দুঃখজনক।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছে নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সুমন হাওলাদার, নাজিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোস্তফা সেখ, মালিখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা টিপু সুলতান, দিপঙ্কর সমাদ্দর রিপাস, যুবলীগ নেতা রাজিব শেখসহ নামীয় ১৩ জন ও অজ্ঞাতনামা ৩৫/৪০ জন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে ১৩ জন এজাহার নামীয় ও ৩৫/ ৪০ জন অজ্ঞাত আসামি করে মো. মুরাদ মাঝী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার নথি বাইরে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, মামলা হওয়ার পর কোর্টে নথি পাঠাতে হয়। সেখান থেকেও নথি বাইরে যেতে পারে।