পিরোজপুরের নাজিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতার মুদির দোকানসহ তিনটি দোকান এবং শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদ ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১টা ৪০ মিনিট থেকে ২টা ১০ মিনিটের মধ্যে পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।
নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের কবিরাজবাড়ী এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মুরাদ মাঝীর মুদির দোকানসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের গোডাউনে আগুন দেওয়া হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১টা ৪০ মিনিটের দিকে শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদে এবং রাত ২টা ১০ মিনিটের দিকে কবিরাজবাড়ী বাজারের দোকানগুলোতে আগুনের ঘটনা ঘটে।
শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের কেয়ারটেকার আকুব্বার আলী শেখ জানান, রাত ১টা ৪০ মিনিটের দিকে কুকুরের ডাক শুনে ঘর থেকে বের হয়ে ইউনিয়ন পরিষদের গোডাউনে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে চিৎকার করে স্থানীয়দের ডাকলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বলেন, কেয়ারটেকারের ফোন পেয়ে রাত ২টার দিকে তিনি পরিষদে যান। সেখানে গিয়ে দেখেন, গোডাউনের দরজার নিচ দিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে গোডাউনে রাখা টিসিবির চালের বস্তায় আগুন ধরে যায়। স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, রাত ২টা ১০ মিনিটের দিকে কবিরাজবাড়ী বাজারে মুরাদ মাঝীর মুদির দোকানে আগুন লাগে। এতে তাঁর দোকানসহ পাশাপাশি থাকা আরও দুটি দোকান পুড়ে যায়।
বাজারের ব্যবসায়ী মো. মমতাজউদ্দিন জানান, রাত ২টা ১০ মিনিটের দিকে বাজারের পাহারাদার তাঁকে ডেকে আগুনের খবর দেন। বাইরে বেরিয়ে মুরাদ মাঝীর দোকানে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে তাঁদের চিৎকারে মুরাদ মাঝীসহ আশপাশের লোকজন ছুটে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই পাশাপাশি তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুরাদ মাঝী বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাজারের আশপাশে বিকট শব্দ শুনে বিষয়টি নাজিরপুর থানার এএসআই মজিদকে জানান। একই সঙ্গে সেখানে টহল পুলিশ পাঠানোর অনুরোধ করেন। তবে ওই সময় কোনো পুলিশ সেখানে আসেনি। পরে রাত ২টা ১০ মিনিটের দিকে তাঁর দোকানে আগুন দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার ঘটনার ধারাবাহিকতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাঁর দোকানে আগুন দিয়েছে। এ ঘটনায় তাঁর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় স্থানীয় আরাফাত মাঝীর দর্জির দোকান এবং শাহীন ভূঁইয়ার ভ্যান, রিকশা ও ইজিবাইকের যন্ত্রাংশের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরাফাত মাঝীর প্রায় ৭ লাখ এবং শাহীন ভূঁইয়ার ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।