রাত পোহালেই শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরে বাংলাদেশ খেলছে না, তবে বাংলাদেশের প্রতিনিধিত্ব ঠিকই থাকছে। দুই আম্পায়ারের পর বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন জনপ্রিয় ধারাভাষ্যকার আতহার আলী খান। আজ শুক্রবার বিশ্বকাপের টিভি ও ডিজিটাল সম্প্রচারের জন্য ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভূক্ত করে। দল না থাকলেও বাংলাদেশের দুই আম্পায়ার এলিট প্যানেলের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেলের বিশ্বকাপে থাকা আগেই নিশ্চিত করেছিল আইসিসি। এবার জানা গেল ধারাভাষ্যকার হিসেবে থাকছেন আতহার আলী।
সাবেক ক্রিকেটার আতহার ক্রিকেটবিশ্বে ‘ভয়েস অব বাংলাদেশ’ হিসেবে পরিচিত। ৬৩ বছর বয়সী এই ধারাভাষ্যকার দুই যুগের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্য দিচ্ছেন। বাংলাদেশের সিরিজ তো বটেই, বিভিন্ন আইসিসি ইভেন্টেও তিনি নিয়মিত ধারাভাষ্য দিয়ে থাকেন। ধারাভাষ্যকারের তালিকায় পরিচিত ও জনপ্রিয় নামগুলির পাশাপাশি চমক হিসেবে আছে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমার নাম!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেল: রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান, স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বাদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্র্যাফেট, ইয়ন মরগ্যান, ওয়াসিম আকরাম, সুনিল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রামিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেসি মার্টিন, হার্শা ভোগলে, মপুমেলেলো এমবাংওয়া, ন্যাটালি জার্মনস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিন্স, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, ক্যাস নাইডু, বাজিদ খান, রাওনক কাপুর, নায়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও টেম্বা বাভুমা।