নারায়ণগঞ্জে নিখোঁজের ৯ দিন পরে একটি তালাবদ্ধ পার্লার থেকে পার্লারটির মালিক কামরুন নাহার ইতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে শহরের আমলাপাড়া এলাকার পরী বিউটি পার্লার থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি স্বামী আনোয়ার হোসেন সেন্টু ইতিকে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, নিহত ইতির স্বামী মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য ইতিকে প্রায়ই নির্যাতন করত। গত ২৮ জানুয়ারি থেকে ইতি নিখোঁজ ছিল। কিন্তু এ বিষয়ে তার স্বামীকে বারবার তাগিদ দেওয়া হলেও সে নির্বিকার ছিল।
গতকাল শুক্রবার দুপুরে পার্লারটি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে বাড়ির মালিক পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে পুলিশ ও নিহতের স্বজনরা পার্লারের দরজার তালা ভেঙে টয়লেটের ভেতরে ইতির লাশ দেখতে পায়।
বাড়ির মালিক মো. রাজা জানান, ৫ মাস আগে ইতি পার্লারের জন্য ভাড়া নেয় এটি। গত ২৩ জানুয়ারি পার্লারের মালিক ইতি জানিয়েছিল সে আর পার্লারটি চালাবে না।
সদর মডেল থানার এসআই দেলোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।