যারা দাঁড়িপাল্লা প্রতীককে ইনসাফের প্রতীক হিসেবে তুলে ধরছে তারা স্বার্থান্বেষী অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দাঁড়িপাল্লার দুই পাল্লায় একদিকে গোপনে আমেরিকা, অন্যদিকে গোপনে ভারত অবস্থান করছে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল পাবলিক মাঠে পটুয়াখালী–২ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বিএনপি ও জামায়াত কেউই ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দেয়নি। তারা প্রচলিত ধারার রাষ্ট্রব্যবস্থার কথাই বলেছে। বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিজয়ী হলে ইসলামভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার করেছে।
চরমোনাই পীর বলেন, স্বাধীনতার ৫৪ বছরে প্রচলিত আইনব্যবস্থার কারণেই দেশ একাধিকবার দুর্নীতিতে শীর্ষে উঠেছে, বিপুল অঙ্কের অর্থ পাচার হয়ে বিদেশে বেগমপাড়া গড়ে উঠেছে এবং দেশের ভেতর থেকেও বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা কমিটির আহ্বায়ক ও হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুল মালেক আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতা নাসির আহমেদ কাউসার ও হাবিবুর রহমান মিসবাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।