ম্যানইউয়ের চার চার, ব্রুনো ফার্নান্দেজের ২০০

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন কোচ মাইকেল ক্যারিকের অধীনে টানা চতুর্থ ম্যাচ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে ২–০ গোলে হারিয়ে ক্যারিকের শতভাগ জয়ের শুরু আরও দীর্ঘ করল ক্লাবটি।

এই জয়ে ক্যারিকের দীর্ঘমেয়াদি কোচ হওয়ার সম্ভাবনাও জোরালো হলো। গত মাসে বরখাস্ত হওয়া রুবেন আমোরিমের জায়গায় দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনাইটেডের পারফরম্যান্সে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে।

ম্যাচ শেষে অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বলেন, “মাইকেল এখানে সবকিছু জিতেছেন। তিনি জানেন এই ক্লাব ও সমর্থকদের কাছে জয়ের মানে কী। জয় পেতে কতটা ত্যাগ দরকার, সেটাও তিনি বোঝেন। এটা দলকে বিশেষ কিছু যোগ করছে।”

দুই বছরের মধ্যে এই প্রথম লিগে টানা চার ম্যাচ জিতল ইউনাইটেড। পাশাপাশি, টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার পর আবারও শীর্ষ প্রতিযোগিতায় ফেরার আশা জাগল দলটির।

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে কর্নার থেকে নিচু শটে গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবেউমো। এটি ছিল ক্লাবটির হয়ে তাঁর অভিষেক মৌসুমে দশম গোল। দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে শিনে লেগে নিয়ন্ত্রিত ফিনিশে গোল করেন ব্রুনো ফার্নান্দেস।

এর আগেই বড় ধাক্কা খায় টটেনহ্যাম। ২৯ মিনিটে ক্যাসেমিরোর ওপর বিপজ্জনক ট্যাকলের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো। দশ জনের দলে পরিণত হওয়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি স্পার্স।

এই গোলের মধ্য দিয়ে ২০২০ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর ব্রুনো ফার্নান্দেসের গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট অবদান দাঁড়াল ২০০টিতে।

ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ইউনাইটেডের রূপান্তর চোখে পড়ার মতো। চলতি মৌসুম শেষ পর্যন্ত চুক্তিতে থাকলেও তাঁর প্রভাব ক্লাব কর্তৃপক্ষকে স্থায়ী কোচ হিসেবে ভাবতে বাধ্য করছে।

ফার্নান্দেস আরও বলেন, “মাইকেল খেলোয়াড়দের দায়িত্ব নিতে শেখাচ্ছেন, পাশাপাশি মাঠে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও দিচ্ছেন। তিনি কথা বলতেও দারুণ। আমি আগেও বলেছিলাম, ও বড় ম্যানেজার হতে পারে—এখন সেটাই প্রমাণ করছে।”

এই জয়ের ফলে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠে এসেছে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। মজার বিষয় হলো, তারা ইতোমধ্যেই গত মৌসুমের পুরো লিগে পাওয়া ৪২ পয়েন্ট ছাড়িয়ে গেছে।

অন্যদিকে টটেনহ্যাম অধিনায়ক রোমেরোর লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। পরিসংখ্যান সংস্থা অপটার তথ্য অনুযায়ী, ২০২১ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে প্রিমিয়ার লিগে রোমেরো ছয়বার লাল কার্ড দেখেছেন—এই সময়ে যা অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।