কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু নিয়ে রহস্য

কুষ্টিয়া জেলা কারাগারে মাদক মামলার এজাহার নামীয় হাজতি যুবক বিদ্যুৎ আলীর (২৭) রহস্যজনক মৃত্যু হয়েছে। হতাশাজনিত কারণে বিদ্যুৎ গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন জেল সুপার মো. শরিফুল আলম। তিনি বলেন, ‘বিদ্যুৎ ভেড়ামারা থানার একটি  মাদক মামলার হাজতি বন্দি হিসেবে গত ডিসেম্বর মাসের ১৪ তারিখ থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। গতকাল শনিবার ভোরে কারাগারের বাথরুমের জানালার গ্রিলে নিজের ব্যবহৃত গামছা গলায় পেঁচিয়ে গলায় ফাঁস লাগান বিদ্যুৎ’। এ সময় ডিউটিরত কারারক্ষীরা টের পেয়ে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

নিহতের পিতা চান্দু আলী বলেন, অন্যের জমিতে বর্গা চাষ করে কোনো রকম অভাব-অনটনের মধ্য দিয়ে পরিবারের দিন চলত। কলেজে ভর্তি হওয়ার পর থেকে ওর লেখাপড়ার খরচও ঠিকমতো দিতে পারতাম না। চার বছর আগে বিদ্যুৎ ভেড়ামারা ডিগ্রি কলেজ থেকে বিএ পাস করে। পরে একটা চাকরির জন্য নানা জায়গায় ঘুরে ঘুরেও কোনো কিছু না হওয়ায় আবার সেই নেশার জগতে ঢুকে মাদকাসক্ত হয়ে যায়’। একপর্যায়ে ওর বিরুদ্ধে মাদক মামলা হয় ভেড়ামারা থানায়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, গতকাল সকালে জেলা কারাগার থেকে অচেতন এক যুবককে জরুরি বিভাগে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।