ঠাকুরগাঁওয়ে জনসভায় তারেক রহমান

নির্বাচন বন্ধের ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, গত একযুগ ধরে জনগণের হারিয়ে যাওয়া অধিকার প্রতিষ্ঠার ও দেশকে পুনর্গঠনের নির্বাচন। আমরা আন্দোলন, সংগ্রাম করেছি। এখন সব মানুষকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠন করতে চাই। কারণ এ দেশের প্রকৃত মালিক জনগণ। জনগণের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, সারা দেশে ধানের শীষের জোয়ার দেখে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কেউ যদি নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গতকাল শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে গত ৩০ জানুয়ারি তারেক রহমান উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভা করেছিলেন। এবার দ্বিতীয় দফা উত্তরাঞ্চলের সফরে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে জনসভায় বক্তব্য দেন। নীলফামারীর জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং দিনাজপুরের জনসভায় সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপি চেয়ারম্যান।

ঠাকুরগাঁওয়ে তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবার সেই হারানো অধিকার প্রয়োগের সময় এসেছে। জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি দেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ এসেছে। তাই এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি নির্বাচনের জন্য নয়, এটি দেশ পুনর্গঠনের নির্বাচন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে দেশের মানুষ হারানো দিনের অধিকার ফিরে পাবে।

মঞ্চের পাশে বসা বিগত ১৫ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের দেখিয়ে তারেক রহমান বলেন, এই মানুষগুলো তাদের স্বজন হারিয়েছেন, শুধু আপনাদের ভোটের অধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে। তাদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। ২০২৪ সালের অভ্যুত্থান দিয়ে দেশের জনগণ স্বাধীনতাকে রক্ষা করেছে।

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসতে পেরে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঠাকুরগাঁওয়ের মানুষের বিভিন্ন দাবির বিষয়ে বলেন, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে যে চিনিকল, রেশম কারখানা, চা শিল্পগুলো আছে আমরা সেগুলো আবার চালু করতে চাই। স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে তা মজুদ করার জন্য কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরির ব্যবস্থা করা হবে। এ এলাকায় অনেক শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করেন। সে কারণে আমরা তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব গড়ে তুলতে চাই। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করা হবে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঠাকুরগাঁও ও আশপাশের জেলা-উপজেলা থেকে খ- খ- মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ঢাকঢোল পিটিয়ে, দলীয় প্রার্থীদের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তৃণমূলের হাজারো মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর হয়ে হেলিকপ্টারে বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মঞ্চে উঠে বক্তব্য শুরু করেন। বক্তব্য শেষ করে দুপুর ১২টা ১৮ মিনিটে তিনি হেলিকপ্টারে নীলফামারীর উদ্দেশে রওনা হন।

জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আসাদুল হাবীব দুলু, ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. জাহিদুর রহমান, পঞ্চগড়-১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ আসনের বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান : আজ রবি ও আগামীকাল সোমবার ঢাকায় ১৪টি জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। জনসভার বিষয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভায় অংশ নেবেন। আগামীকাল (আজ) রবিবার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনী আসনের জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনে ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনে পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

মাহদী আমিন বলেন, সোমবার তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা এবং ঢাকা মহানগর দক্ষিণের ৭টিসহ মোট ৮টি জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে বেলা ১১টায়, ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনের পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে দুপুর ৩টায়, ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনের ধূপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার অঙ্গীকার : নীলফামারী প্রতিনিধি জানিয়েছে, দুপুর ২টায় নীলফামারী সরকারী হাইস্কুল বড় মাঠে জনসভায় তারেক রহমান বলেছেন, দেশের মানুষ ১২ ফেব্রুয়ারি ভোটের হারানো দিনের অধিকার ফিরে পেতে যাচ্ছে। বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে দেশ পুনর্গঠনের সঙ্গে উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।

এর আগে ঠাকুরগঁঁাঁও জনসভা শেষ করে হেলিকপ্টারে জনসভাস্থলের নীলফামারীর বড়মাঠের অপর প্রান্তে এসে মাঠে নামেন তারেক রহমান। তার আগমনে নীলফামারীর চারটি আসন ডোমার, ডিমলা, জলঢাকা, সদর ও সৈয়দপুর এবং কিশোরীগঞ্জ এলাকা ছাড়াও নীলফামারী সদর সংলগ্ন পার্শ্ববর্তী দিনাজপুরের খানসামা, চিরিরবন্দর, পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকার মানুষজন জনসভায় ছুটে আসেন।

তারেক রহমান বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। তবে এবার সময় এসেছে জনপ্রতিনিধি নির্বাচন আর, দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে পুনর্গঠন করতে চাই। এই কাজ করতে হলে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ দেশের মালিক জনগণ। তাই পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষে ভোট চাই। তিনি বলেন, জনগণের স্বাধীনতা, জনগণের ভোটের অধিকার, জনগণের কথা বলার অধিকারের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। বহুরূপে একটি দল থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র করে কেউ যেন এই ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। কেউ যদি নির্বাচন বন্ধের ষড়যন্ত্র করে তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

নীলফামারীর জনসভায় তারেক রহমান জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। আরও বক্তব্য দেন নীলফামারী-২ (সদর) আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, নীলফামারী-৩ আসনের প্রার্থী সৈয়দ আলী,  নীলফামারী-৪ আসনের প্রার্থী আব্দুল গফুর সরকার ও নীলফামারী-১ আসনের বিএনপি জোটের খেজুর গাছ প্রতীকের প্রার্থী মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

নীলফামারীর উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, নীলফামারী উত্তরা ইপিজেড সম্প্রসারণ সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন, এই অঞ্চলের শিল্প কারখানাগুলো পুনরায় চালু করা হবে। গড়ে তোলা হবে কৃষি শিল্প। তৈরি করা হবে কৃষিভিত্তিক হিমাগার, আইটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক রূপ দিতে চাই। যেন দেশ-বিদেশ থেকে সহজেই মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসার জন্য আসতে পারে।

মেধা ও যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে : দিনাজপুর প্রতিনিধি জানিয়েছে, বিকেল পৌনে ৪টায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত বিশাল জনসভায় নানির জেলা দিনাজপুরবাসীর কাছে আবদার জানিয়ে তারেক রহমান বলেন, আমি দিনাজপুরের নাতি। বহু বছর পর নানিবাড়ি আসছি। এখন নানিবাড়িতে আসছি, কিছু তো খাওয়ালেন না আপনারা। তাহলে একটা জিনিস দিতে হবে আপনাদের। আমাকে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি বলেন, দিনাজপুরের লিচু ও কাটারীভোগ চাল সারা বিশে^ পৌঁছে দেওয়া হবে। দিনাজপুরে উৎপাদিত আম প্রক্রিয়াজাতকরণের জন্য সংশ্লিষ্ট সব কোম্পানিকে দিনাজপুরে আনা হবে। ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। মা ও শিশুদের স্বাস্থ্যসেবায় ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। মা-বোনসহ নারীদের ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে তারেক রহমান বলেন, যেই বাংলাদেশে আমার ভাইয়েরা রাস্তায় নিরাপদে থাকতে পারবে। নিরাপদে চাকরি করতে পারবে। নিরাপদে বসবাস করতে পারবে। নিরাপদে নিশ্চিন্তে রাতে ঘরে ঘুমাতে পারবে। যেই বাংলাদেশে মুসলমান, হিন্দু, আদিবাসী, বৌদ্ধ, খ্রিস্টান যে হই আমাদের সবাইকে বিচার করা হবে যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। আমাদের পরিচয়, আমাদের ধর্ম নয়। আমাদের পরিচয় হবে মেধা দিয়ে।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ৬টি আসনের সংসদ সদস্য প্রার্থীসহ দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

বিডিআরের নাম পুনর্বহাল হবে : বিএনপি সরকার গঠনে সক্ষম হলে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত’ বিডিআরের নাম পুনর্বহাল করতে চান বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অবসরপ্রাপ্ত সাবেক সামরিক বাহিনীর সদস্য ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের নিজেদের সম্মান ও মর্যাদা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকারও আহ্বান জানান।

মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, ২০০৯ সালের পিলখানা হত্যাযজ্ঞের পর পতিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দেয়, এমনকি তাদের ইউনিফর্মও বদলে ফেলা হয়। তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, ‘জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই।’

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা সেনা হত্যাযজ্ঞ দিবসকে ‘শহীদ সেনা দিবস’ বা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সাবেক সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে উপস্থাপিত বিভিন্ন সুপারিশের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন, সেনা আইনের কিছু বিধিমালা সংস্কারসহ প্রস্তাবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে এসব সুপারিশ পর্যালোচনা ও পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।