রাজস্থানে তিনতলা ভবন ধস

ভারতের রাজস্থান তিনতলা এক ভবন ধসের ঘটনা ঘটেছে। রাজস্থানের কোটা শহরের তালওয়ান্দি এলাকায় শনিবার (৭ফেব্রুয়ারি)ওই ভবন ধসের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন আশঙ্কা করছে গভীর রাতের এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন। জানা গেছে ওই ভবনে একটি রেস্তোরাঁ চালু ছিল। খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহতদের তাৎক্ষণিকভাবে কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবনটি ধসে পড়ার সময় রেস্তোরাঁয় বেশ কিছু গ্রাহক এবং কর্মচারি ছিলেন। এ ঘটনার পর স্থানীয় বিধায়ক সন্দীপ শর্মা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কোনো পূর্বাভাস ছাড়াই ভবনটি হঠাৎ ধসে পড়ে। পুলিশ ও জেলা প্রশাসন অত্যন্ত দ্রুততার সাথে উদ্ধার কাজ শুরু করেছে এবং ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে আছেন তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

জেলা কালেক্টর পীযূষ সামারিয়া উদ্ধার অভিযানের তদারকি করছেন। তিনি সংবাদমাধ্যমকে জানান যে খবর পাওয়ার সাথে সাথেই উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা গেলেও ভেতরে আরও কতজন আটকে আছেন, তা  নিশ্চিত বলা সম্ভব নয়। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে  বলে জানান তিনি।