উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজানগর রাণীরহাট ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে কর্মসূচির শুভ সূচনা করা হয়। হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোঃ দিদার হোসেন এবং রসায়ন বিভাগের প্রদর্শক জনাব পুষ্প বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। শুরুতে অনুষ্ঠানের আহবায়ক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মদ একরাম উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এর প্রতিষ্ঠাতা ও রাঙ্গুনিয়ার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ওসমান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী। এছাড়াও কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের পাশাপাশি ছিল সাহিত্য প্রতিযোগিতা, ইছামতি আবৃত্তি কেন্দ্রের পরিবেশনা ও উপস্থিত বক্তৃতা। সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশিত গান, নৃত্য এবং 'যেমন খুশি তেমন সাজ' প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তবে এবারের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ও ভিন্নধর্মী আয়োজন ছিল দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী "পিঠা উৎসব"।
প্রধান অতিথি জনাব মোহাম্মদ ওসমান তাঁর বক্তব্যে এই বর্ণাঢ্য আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে বর্তমান যুগে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। বিশেষ অতিথিবৃন্দও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে প্রতি বছর এমন আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারী অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়। বর্ণাঢ্য এই আয়োজনের স্মৃতি ধরে রাখতে আমন্ত্রিত অতিথি ও শিক্ষার্থীদের নিয়ে স্থিরচিত্র ধারণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।