চট্টগ্রাম-১৩ আসনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা ইসলামী ফ্রন্ট প্রার্থীর

চট্টগ্রাম-১৩ আসনের ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম শাহজাহান সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, আনোয়ারা-কর্ণফুলীর সর্বত্র মোমবাতির জোয়ার দেখে অনেকে দিশেহারা। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আমার কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। ব্যানার বিলবোর্ড ছিড়ে ফেলা হচ্ছে। দুষ্কৃতকারীরা রাতের আঁধারে সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে এবং নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট আদায়ের চেষ্টা চালাচ্ছে।

তিনি দাবি করেন, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েও দৃশ্যমান কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে আনোয়ারা উপজেলার কালাবিবির দীঘির মোড়ে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

এস এম শাহজাহান বলেন, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। অনেক ভোটার নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন কি না এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হওয়া কঠিন হয়ে পড়বে। এ ছাড়া নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি,উন্নয়নসহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন মোমবাতি প্রতীকের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সম্মিলিত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো-চেয়ারম্যান ড. এম এ অদুদ চৌধুরী ও ইসলামিক ফ্রন্টের যুগ্ম-মহাসচিব স ম হামেদ হোসাইন।

এ সময় ডিআইএম জাহাঙ্গীর আলম, মুফতি শাকের আহমেদ চৌধুরী, মাওলানা ইদ্রিস আলকাদেরীসহ জেলা-উপজেলার রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।