ফেনীর সোনাগাজীতে নির্বাচনী জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, ১১ তারিখ সন্ধ্যা থেকে ১২ তারিখ সারা দিন এবং যতক্ষণ পর্যন্ত ফলাফল না পান ততক্ষণ কেন্দ্র থাকবেন, যাতে কেউ অপকৌশলের মাধ্যমে মানুষের অধিকার হরণ করতে না পারে।
তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তারেক রহমানের পিতৃকূল ও মাতৃকূলের দেশ পরিচালনার অভিজ্ঞতাই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন ১২ তারিখের নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশ কোনও পথে যাবে—সমৃদ্ধির পথে, নাকি সহিংসতা ও অস্থিরতার দিকে। তারেক রহমান ক্ষমতায় এলে দলমত নির্বিশেষে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এলাকাবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে সুযোগ দিলে জীবনের বাকি সময় জনগণের সঙ্গেই কাটাতে চান। লালপুলে ফ্লাইওভার নির্মাণ, সোনাগাজীতে গ্যাস সংযোগ, সেচব্যবস্থা উন্নয়ন, খাল খনন, মহিলা কলেজ নির্মাণ, সোনাগাজী সরকারি ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু, উন্নত সড়ক যোগাযোগ ও চিকিৎসাসহ সর্বক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মান রক্ষায় ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টুকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার করেন নেতাকর্মীরা।