মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্প কমান্ডার মেজর ফজলে রাব্বির নেতৃত্বে একটি টিম গাংনী উপজেলার চিৎলা ভিত্তি পাট বীজ খামারের মাঠে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
এদিকে, ফরিদপুরের বোয়ালমারীতে একটি চায়ের দোকানের সামনে রাখা বেঞ্চের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, কালিয়ান্ড কওমি মাদ্রাসার সামনে মানিক শেখ (৫০) নামে এক ব্যক্তি তার চায়ের দোকানের সামনে বেঞ্চের ওপর রাখা দুটি প্যাকেট দেখে তার সন্দেহ হয়। সংবাদ পেয়ে বোয়ালমারী থানার এসআই শরীফ আব্দুর রশীদ ঘটনাস্থলে পৌঁছে প্যাকেট দুটি উদ্ধার করেন। পরে প্যাকেট খুলে দেখা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লোগো সংবলিত দুটি প্যাকেটের ভেতরে মোট ৪০ রাউন্ড গুলি রয়েছে।