শর্টস-মোজায় পারর্ফম করে বিতর্কে জাস্টিন বিবার

জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দু হলেন। এবারে বিষয় গান কিংবা ব্যক্তিগত কারণে নয় মঞ্চে পারফরম্যান্সের সময় পরা পোশাকের ঘিরে।

গ্র্যামির মঞ্চে পারফরম্যান্সে বিবারকে দেখা যায় রীতিমতো পোশাকহীন অবস্থায় মঞ্চে উঠতে। পারফর্মের সময় তার পরনে ছিল কেবল শর্টস ও  মোজা। যা মুহূর্তেই দর্শক ও আয়োজকদের মধ্যে বিস্ময় তৈরি করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ঝড় উঠে। 

দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়, বিবারের এমন উপস্থিতি দেখে আয়োজক ও বিচারকরা কিছুটা হতভম্ব হয়ে পড়েন। কারণ তিনি যে এ ধরনের পোশাকে পারফর্ম করবেন সে বিষয়ে আগে থেকে কোনো ধারণাই দেওয়া হয়নি।

গ্র্যামি অ্যাওয়ার্ডসের নির্বাহী প্রযোজক বেন উইনস্টন এক পডকাস্টে জানান, মঞ্চে ওঠার আগ পর্যন্ত বিবার কী পরবেন তা কেউই জানতেন না।

উইনস্টনের ভাষ্য, সৃজনশীল পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও বিবার পোশাক সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি; কেবল বলেছিলেন, তিনি মঞ্চে উঠে গান পরিবেশন করবেন। পরে জানা যায়, সেদিন তিনি নিজের ফ্যাশন ব্র্যান্ডের তৈরি সাটিন বক্সার শর্টস পরেই পারফর্ম করতে মঞ্চে ওঠেন।

তবে তার এই ব্যতিক্রমী উপস্থিতি আবারও প্রমাণ করল সংগীতের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল দিয়েও কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হয় তারই আরেকবার জানান দিলেন জাস্টিন বিবার।